This website is under development. Some features and content may not be fully available yet. Thank you for your patience and support.

রমাদান ধারাবাহিক | পর্ব ১৬

সিয়ামের ফরয আদবসমূহ – পর্ব ২

RAMADAN

Umm Ayman

3/6/20261 min read

সিয়ামের ফরয আদবসমূহ – পর্ব ২

বিসমিল্লাহির রহমানির রহীম।

সিয়াম কবুলের অন্যতম দুটি শর্ত হচ্ছে সকল প্রকার প্রতারণা ও বাদ্যযন্ত্র থেকে বেচেঁ থাকা।

সকল প্রকার প্রতারণা পরিহার করা:

সিয়াম পালনকারীকে ব্যবসা, লেনদেন, উপদেশ বা অন্য যেকোনো ক্ষেত্রে সব ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে হবে। কেননা ‘প্রতারণা একটি মারাত্মক কবীরা গুনাহ।

* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘যে প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। --মুসলিম: ১০২

প্রতারণার মাধ্যমে যা অর্জিত হয় তা নিকৃষ্ট, হারাম ও ঘৃণ্য। প্রতারণা দ্বারা প্রতারক ও আল্লাহর মাঝে কেবলমাত্র দূরত্বই বৃদ্ধি পায়।

সব ধরনের বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকতে হবে:

মুসলিমদের সকল প্রকার বাদ্যযন্ত্র থেকে দূরে থাকা উচিত। যেমন- বীণা, একতারা, বেহালা, হারমোনিয়াম, গিটার, পিয়ানো, ঢোল-তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্র। কেননা এসব হারাম। এগুলোর হারাম ও গুনাহ আরও বৃদ্ধি পায় যখন এর সাথে মিলিত হয় উত্তেজনামূলক গান ও মিষ্টি আওয়াজ।

আল্লাহ তা‘আলা বলেন:

‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশতঃ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য গান বাদ্যের উপকরণ ক্রয়-বিক্রয় করে এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর কঠোর শাস্তি।’ --সূরা লুকমান, আয়াত: ৬

আবদুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহুকে এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ‘যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই সেই আল্লাহর শপথ করে বলছি, এটা হচ্ছে গান’।--ইবন জারীর তাবারী ২১/৬২; মুস্তাদরাকে হাকিম ২/৪১১; হাসান সনদে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র থেকে সতর্ক করেছেন। তিনি এসবকে যেনা-ব্যভিচারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন:

‘আমার উম্মতে এমন একদল লোক হবে যারা যেনা-ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।--বুখারী: ৫৫৯০

বর্তমান সময়ে অনেক মানুষ এসব বাদ্যযন্ত্র ব্যবহার করে বা এমনভাবে শ্রবণ করে যেন এগুলো হালাল বিষয়। এটি এমন এক ষড়যন্ত্র, যার মাধ্যমে ইসলামের শত্রুরা মুসলিমদেরকে তাদের জালে আবদ্ধ করতে সক্ষম হয়েছে। এর ফলে তারা মুসলিমদেরকে আল্লাহ তা‘আলার যিকর-স্মরণ এবং দ্বীন ও দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক মুসলিম কুরআন ও হাদীসের পাঠ, শরীয়ত ও হিকমতে সমৃদ্ধ বয়ানের চেয়েও গান ও বাদ্যযন্ত্রের প্রতি অধিক আসক্ত হয়ে পড়েছে।।

হে মুসলিমগণ! আপনারা সিয়াম বিনষ্টকারী ও তাতে ত্রুটি সৃষ্টিকারী বিষয় থেকে সতর্কতা অবলম্বন করুন এবং মিথ্যা বলা ও তদানুযায়ী কাজ ত্যাগ করে সিয়ামের হক আদায় করুন।

নবী সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার মাধ্যমে আমল করা ও মূর্খতা পরিত্যাগ করতে পারেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ --বুখারী: ১৯০৩

হে আল্লাহ! আমাদের দীনকে আমাদের জন্য হিফাজত করুন। আমাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে এমন সব কাজ থেকে বিরত রাখুন যা আপনাকে অসন্তুষ্ট করে। আমাদেরকে, আমাদের বাবা-মাকে এবং সকল মুসলিমকে আপনার দয়ায় ক্ষমা করুন, হে জগতের শ্রেষ্ঠ করুণাময়।

আর আমাদের নবী মুহাম্মদ ﷺ, তাঁর পরিবার-পরিজন এবং সকল সাহাবীর উপর সালাত ও সালাম বর্ষণ করুন।